মুম্বাই ইন্ডিয়ান্স কোচিং স্টাফে বড় রদবদল

মুম্বাই ইন্ডিয়ান্স কোচিং স্টাফে বড় রদবদল

  • Category: IPL

আইপিএলের ২০২৭ মৌসুমকে সামনে রেখে কোচিং স্টাফে বড় ধরনের রদবদল আনছে মুম্বাই ইন্ডিয়ান্স। পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি কোচিং প্যানেল থেকে বিদায় জানিয়েছে লাসিথ মালিঙ্গা, পরশ মামব্রে ও ফিল্ডিং কোচ কার্ল হপকিনসনকে। এর আগে প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করেছিল ফ্র্যাঞ্চাইজিটি।

মুম্বাই ইন্ডিয়ান্স কোচিং স্টাফে বড় রদবদল

২০২৪ সালে শেন বন্ডের জায়গায় মুম্বাইয়ের বোলিং কোচের দায়িত্ব নেন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার মালিঙ্গা। তবে তার কোচিংয়ে দলটি প্রত্যাশিত সাফল্য পায়নি। ২০২৪ সালের আইপিএলে দশম স্থানে থাকা মুম্বাই ২০২৫ আসর শেষ করে চতুর্থ হয়ে। আর ২০২৬ মৌসুমে আবারও নবম স্থানে থেকে আসর শেষ করে দলটি।

কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার আগে মুম্বাইয়ের হয়ে দীর্ঘ নয় মৌসুম খেলেছেন মালিঙ্গা। দলটির অন্যতম সফল এই পেসার চারটি আইপিএল শিরোপা জয়ের পথে বোলিং আক্রমণের নেতৃত্ব দিয়েছেন। ২০১১ সালে মুম্বাইয়ের চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি শিরোপা জয়ের পেছনেও ছিল তার গুরুত্বপূর্ণ অবদান।

এক বিবৃতিতে মালিঙ্গাকে ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসের অন্যতম স্মরণীয় ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছে মুম্বাই। খেলোয়াড় হিসেবে সাফল্যের পর মেন্টর ও কোচ হিসেবেও দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। তার নিবেদন, লড়াকু মানসিকতা ও ক্রিকেটের প্রতি আবেগ বহু প্রজন্মের ক্রিকেটারকে অনুপ্রাণিত করেছে বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

অন্যদিকে, পরশ মামব্রে প্রথমবার ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত মুম্বাইয়ের সঙ্গে কাজ করেন। এরপর ২০২৪ সালে আবারও দলটির কোচিং স্টাফে যোগ দেন ভারতের সাবেক এই বোলিং কোচ। দুই মেয়াদেই বোলারদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

ইংল্যান্ড দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে ২০২৫ মৌসুমের আগে মুম্বাইয়ে যোগ দিয়েছিলেন কার্ল হপকিনসন। ফিল্ডিং কোচ হিসেবে দলের ফিল্ডিংয়ের মান উন্নত করার দায়িত্ব ছিল তার কাঁধে। এবার তাকেও ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

কোচিং প্যানেলে এই পরিবর্তনের অংশ হিসেবে এরই মধ্যে প্রধান কোচের দায়িত্বেও পরিবর্তন এনেছে মুম্বাই। মাহেলা জয়াবর্ধনের বিদায়ের পর ব্যাটিং কোচের দায়িত্বে থাকা ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার কাইরন পোলার্ডকে প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন কোচিং কাঠামো নিয়ে ২০২৭ সালের আইপিএলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে দলটির।