আলভারেজকে নিয়ে উত্তপ্ত স্প্যানিশ ফুটবল

আলভারেজকে নিয়ে উত্তপ্ত স্প্যানিশ ফুটবল

আলভারেজকে নিয়ে উত্তপ্ত স্প্যানিশ ফুটবল

ট্রান্সফার উইন্ডোর পারদ চড়ছে, তবে এবার তা কেবল দলবদলের অঙ্কে সীমাবদ্ধ নেই— গড়িয়েছে আইনি সংঘাত পর্যন্ত। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে গিয়ে বড় ধরনের বিপাকে পড়েছে বার্সেলোনা। নিয়মনীতি ভেঙে খেলোয়াড়ের সঙ্গে অবৈধভাবে যোগাযোগের অভিযোগে বার্সেলোনার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। আর এই নালিশটি ঠুকেছে আলভারেজের বর্তমান ক্লাব আতলেতিকো মাদ্রিদ।

আলভারেজকে নিয়ে উত্তপ্ত স্প্যানিশ ফুটবল

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন, গত ৩০ জুন আতলেতিকো মাদ্রিদের দেওয়া এক আনুষ্ঠানিক অভিযোগের প্রেক্ষিতেই বার্সেলোনার বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নিয়েছে দেশটির ফুটবল নিয়ামক সংস্থা। আতলেতিকোর দাবি, ২৬ বছর বয়সি এই ফরোয়ার্ডের সঙ্গে ২০৩০ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে। কিন্তু ফিফা ও আরএফইএফের আইন তোয়াক্কা না করে দলবদলের নির্ধারিত সময়ের বাইরেই গোপনে আলভারেজের সঙ্গে যোগাযোগ করেছে বার্সেলোনা কর্তৃপক্ষ। 

ইতোমধ্যেই দুই ক্লাবকেই এই তদন্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এখন নিজেদের নির্দোষ প্রমাণ করতে আইনি নথিপত্র সাজাচ্ছেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। অন্যদিকে আতলেতিকো সিইও মিগুয়েল অ্যাঞ্জেল গিল মারিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ক্লাবের স্বার্থরক্ষায় তারা শেষ পর্যন্ত লড়বেন। 

মাঠের প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে দুই ক্লাবের টেবিল-লড়াই এখন চরমে। লাপোর্তা প্রকাশ্যে স্বীকার করেছিলেন যে আলভারেসের জন্য মাদ্রিদে অফিশিয়াল প্রস্তাব পাঠানো হয়েছে। তবে সেই প্রস্তাব একপ্রকার হেসেই উড়িয়ে দিয়েছে আতলেটিকো। রিলিজ ক্লজের বিশাল অঙ্ক এবং ক্লাব কর্তৃপক্ষের অনমনীয় মনোভাবের কারণে বার্সেলোনার প্রস্তাবিত ১০০ মিলিয়ন ইউরোও কোনো আলো দেখতে পায়নি। 

তবে এই পুরো নাটকের সবচেয়ে আকর্ষণীয় চরিত্র আলভারেজ নিজে। বিশ্বকাপ চলার সময়ই তিনি ইঙ্গিত দিয়েছিলেন, মেট্রোপলিটানো ছেড়ে নতুন কোনো চ্যালেঞ্জ নিতে চান তিনি। চাটুকারিতার ঊর্ধ্বে উঠে ক্যাটালানদের আক্রমণের মূল অস্ত্র হওয়ার স্বপ্নও নাকি চোখ ধাঁধাচ্ছে এই আর্জেন্টাইনের। আগামী ১০ আগস্ট আতলেতিকোর প্রাক- মৌসুম অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার। সেখানেই ক্লাব কর্তাদের মুখোমুখি হয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে পারেন আলভারেজ।

আইনি জটিলতা আর আতলেতিকোর একগুঁয়েমির কারণে দলবদলটি এখন প্রায় অসম্ভব এক সমীকরণে এসে দাঁড়িয়েছে। বার্সেলোনা এই জটিলতার সমাধান খতিয়ে দেখার পাশাপাশি গোপনে অন্যান্য বিকল্প স্ট্রাইকারের দিকেও নজর রাখতে শুরু করেছে। ১০ আগস্টের পর আলভারেজ-বার্সা নাটকের পর্দা কোন দিকে গড়ায়, এখন সেটাই দেখার অপেক্ষা।